
কিলিয়ান এমবাপ্পের চোটের ধরণ কিংবা তার মাঠে ফিরতে কতদিন লাগবে,কিছুই এখনো পরিষ্কার করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে তার দলে না থাকার সময় বেড়েই চলেছে।
লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ম্যাচটি।সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া যা বলেছেন তাতে অন্তত এটা পরিষ্কার যে আসছে ম্যাচে খেলবেন না চলতি সিজনে রিয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে।হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপ্পে।এজন্য খেলতে পারেননি শেষ লা লিগায় দুটি ও চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এগিয়ে আছে রিয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় খুব সতর্ক আরবেলোয়া।তাই সিটির বিপক্ষে ম্যাচেই ফরাসি ফরোয়ার্ডকে খুব করে চান স্প্যানিশ কোচ।এমবাপ্পে যতটা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটা ফ্রান্সের জন্যও।
আর তিন মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। এই সময় জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা ফরোয়ার্ড এবং ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়কদের একজনের চোট বড় দুর্ভাবনার কারণ।









