
এইম্স ভুবনেশ্বরের হস্টেল থেকে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। সঙ্গে মিলেছে ভাইয়ের জন্য রেখে যাওয়া শেষ অডিও বার্তা, ডাক্তার হও, কিন্তু কোনও দিন নিজের রাজ্য ছেড়ে ভিন্রাজ্যে যেয়ো না।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রত্নেশকুমার মিশ্র। অসমের ডিব্রুগড়ের বাসিন্দা রত্নেশ মিশ্র এইম্স ভুবনেশ্বরের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, হস্টেলের বি ব্লকের ৫০২ নং ঘর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ওই ছাত্রের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সে জন্য মঙ্গলবারই বাবার সঙ্গে অসম থেকে ভুবনেশ্বরে ফিরেছিলেন রত্নেশ মিশ্র। বাবা কলেজের অদূরেই একটি হোটেলে এসে উঠেছিলেন। পরীক্ষার পর ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুপুর হয়ে গেলেও ফোন তোলেননি ছাত্র। এরপরেই তড়িঘড়ি ছেলের হস্টেলে পৌঁছন বাবা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কয়েকজন আবাসিক ছাত্রের সহায়তায় দরজা ভেঙে উদ্ধার করা হয় ছাত্রের দেহ। পুলিশ সূত্রে খবর, দারিদ্র্যের কারণে ছেলের পড়াশোনার খরচ জোগাতে সম্প্রতি রত্নেশ মিশ্রের বাবা তাদের জমিটি বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন ওই পড়ুয়া।
ভিন্ রাজ্যে মাসের পর মাস পরিজনদের থেকে দূরে থাকার কারণে মানসিকভাবে আরও ভেঙে পড়ছিলেন তিনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
