ক্রিকেট ব্যাট তৈরির নিয়মে বড় পরিবর্তন আনছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব,এমসিসি। আগে যেসব ব্যাটকে অবৈধ হিসেবে গণ্য করা হতো, এবার সেগুলোকেও নির্দিষ্ট শর্তে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থাটি।
ইংলিশ উইলোর ,অর্থাৎ কাঠের দাম বেড়ে যাওয়ায় অপেশাদার ও বিনোদনমূলক ক্রিকেটে ব্যাট কেনা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।খেলাটিকে সবার জন্য আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে এমসিসি।এমসিসি ঘোষণা করেছে, ক্রিকেট আইনের নতুন ভার্শনে মোট ৭৩টি পরিবর্তন আনা হচ্ছে, যা কার্যকর হবে আগামী চলতি বছরের ১ অক্টোবর থেকে।এবার ওপেন এজ ক্রিকেটেও ব্যবহার করা যাবে ল্যামিনেটেড ব্যাট। আইন ৫.৮–এর অধীনে ব্যাটের ধরন সংক্রান্ত সংশোধনে এমসিসি জানিয়েছে, এখন থেকে ওপেন এজ বিনোদনমূলক ক্রিকেটে ব্যবহার করা যাবে ল্যামিনেটেড ব্যাট, যেগুলোকে বলা হয় টাইপ ডি ব্যাট।এই ব্যাট সর্বোচ্চ তিনটি কাঠের অংশ দিয়ে তৈরি হতে পারে। এর আগে টাইপ ডি ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল। কিন্তু ব্যাটের দাম বেড়ে যাওয়ায় এবার বড়দের ক্রিকেটেও এটি বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ল্যামিনেশনের ক্ষেত্রে সাধারণত ব্যাটের সামনে থাকে ইংলিশ উইলো, আর পেছনে যুক্ত করা হয় তুলনামূলক সস্তা ও কম মানের কাঠ, যেমন কাশ্মীরি উইলো।
টাইপ এ, বি ও সি ব্যাট এক টুকরো উইলো কাঠ দিয়ে তৈরি হয় এবং পেশাদার ক্রিকেটে এগুলোই বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
