
ররি ম্যাকিলরয়,গলফের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ১১ বছর ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। মাস্টার্স টুর্নামেন্ট জিতে গল্ফের ইতিহাসে নিজের নাম চিরস্মরণীয় করে রাখলেন উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকিলরয়।মাস্টার্স জয়ের মাধ্যমে ম্যাকিলরয় ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন করেছেন।অর্থাৎ গলফের চারটি মেজর টুর্নামেন্টই জয়ের কীর্তি গড়লেন তিনি।
গলফের চারটি মেজর টুর্নামেন্ট,মাস্টার্স, ইউএস ওপেন, দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ ও পিজিএ চ্যাম্পিয়নশিপ জয়ের বিরল কৃতিত্ব অর্জনকারী বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় তিনি। এ তালিকায় বাকিরা হলেন,জিন সারাজেন, বেন হোগান, গ্যারি প্লেয়ার, জ্যাক নিকলাস এবং টাইগার উডস।৩৫ বছর বয়সী উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকিলরয় রোমাঞ্চকর এক লড়াইয়ে ইংল্যান্ডের জাস্টিন রোজকে হারান প্লে-অফে।মূল রাউন্ড শেষে দুজনই ১১-আন্ডার পার স্কোরে সমান ছিলেন, ফলে খেলা গড়ায় প্লে-অফে। সেখানেই ১৮ নম্বর হোলে চার ফুটের বার্ডি করে জয় নিশ্চিত করেন ম্যাকিলরয়।
ফাইনাল রাউন্ডে দুই স্ট্রোকের লিড নিয়ে খেলতে নামেন ম্যাকিলরয়। খেলার শুরুর দিকে পিছিয়ে পড়লেও নিজের অভিজ্ঞতা ও ধৈর্য দিয়ে ফেরেন লড়াইয়ে। ১৩ ও ১৪ নম্বর হোলে দু’বার বড় ভুল করেছিলেন, তাতেও ভেঙে না পড়ে ১৭ নম্বর হোলে বার্ডি করে ফের লিড নেন।যদিও ১৮ নম্বরে জয়ের সুযোগ মিস করে ফেলেন, যার ফলে খেলা যায় প্লে-অফে। প্লে-অফে ১৮তম হোলে ৪ ফুটের বার্ডি করে জয় নিশ্চিত করেন ম্যাকিলরয়।
