
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ১২ জন ভারতীয়। নিখোঁজ ১৬। এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।
আগেই জানা গিয়েছিল, বহু ভারতীয় যুবক রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করছেন। নানা ভাবে চাকরির টোপ দিয়ে কিংবা প্রচুর অর্থের প্রলোভন দেখিয়ে ভারত থেকে যুবকদের রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল।এই আবহে শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এই মুহূর্তে রাশিয়ায় অবরুদ্ধ এবং বাধ্যত যুদ্ধে অংশ নেওয়া সমস্ত ভারতীয়কে অবিলম্বে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত রাশিয়ায় যুদ্ধ করতে যাওয়া ১২৬ জন ভারতীয়র মধ্যে ৯৬ জনই দেশে ফিরে এসেছেন। বাকি ৩০ জনের মধ্যে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। রুশ কর্তৃপক্ষ অবশিষ্ট ১৬ জনকে নিখোঁজ বলে ঘোষণা করেছে। সম্প্রতি সামনে এসেছিল কেরলের ৩১ বছরের বিনিল বাবুর ঘটনা। তিনি ২০২৪ সালের এপ্রিলে আরেক ভারতীয় জেইন কুরিয়েনের সঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়। সেপ্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেছেন, বিনিল বাবুর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।
যত দ্রুত বিনিল বাবুর দেহ দেশে আনা যায়, তা নিশ্চিত করতে রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত। মস্কোয় চিকিৎসারত আরেক ভারতীয়কেও দ্রুতই দেশে ফেরানো হবে।
