
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে বার করে আনা হয়েছে। এ কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা।
তাঁরা সিরিয়ার সাইদা জনাব অঞ্চলে আটকে পড়েছিলেন। ৭৫ জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং লেবাননের রাজধানী বেরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় তপ্ত সিরিয়া থেকে তাঁদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এখনও কোনও ভারতীয় নাগরিক সিরিয়ায় আটকে রয়েছেন কি না, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি বিদেশ মন্ত্রক। তপ্ত পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে দামাস্কাসের ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রবাসী ভারতীয়দের ওই নম্বরের মাধ্যমে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, সিরিয়ার তদারকি সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন মহম্মদ আল-বশির। সংবাদ সংস্থা সূত্রে খবর, আল-বশির দাবি করেছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান পদে থাকবেন। উত্তর-পশ্চিম সিরিয়া এবং ইদলিবের দখল নিয়েছিল বিদ্রোহীদের সরকার।
সেই সরকারের প্রধান হলেন আল-বশির। তাঁর সেই সরকারকে নিয়ন্ত্রণ করত মূলত ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। সিরিয়ায় আসাদের সরকারের পতনের নেপথ্যে দায়ী এই গোষ্ঠীই। রবিবার নিজের দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। সূত্রের খবর, বন্ধু দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি।









