
ফের বিমানবন্দরে সার্ভার ত্রুটিতে চরম ভোগান্তিতে যাত্রীরা। ব্যাহত চেক-ইন প্রক্রিয়া। এর জেরে বৃহস্পতিবার সকালে দিল্লি ও মুম্বই-সহ বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়।
আটকে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন ন্যাভিটায়ারে একটি বড় সার্ভার সমস্যার কারণে ভারতের দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি ভারতীয় বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত হয়। ভারতীয় বিমান সংস্থা ছাড়াও ইউরোপের একাধিক বিমান সংস্থাও এই যান্ত্রিক ত্রুটির জেরে প্রভাবিত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ন্যাভিটায়ার সার্ভার আচমকাই এ দিন ডাউন হয়ে যায়। এই সিস্টেমের মাধ্যমে এয়ারলাইন্সগুলি বুকিং এবং চেক-ইন-এর কাজ করে। প্রায় ৪৫ মিনিটের জন্য এই সিস্টেম ডাউন থাকায় ব্যাপক সমস্যায় পড়েন ইন্ডিগো, আকাসা এয়ার, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রীরা।
বিমান পরিষেবা সচল রাখতে যাত্রীদের বিবরণ ম্যানুয়ালি নথিভুক্ত করতে বাধ্য হন এয়ারলাইন্স কর্মীরা। ফলে এক একজন যাত্রীর বিবরণ নথিভুক্ত করতে স্বাভাবিকের থেকে অনেক বেশি সময় লাগে। একই রকম পরিস্থিতি তৈরি হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও। এই সমস্যার জেরে ফ্লাইট মিস করার আতঙ্কে ভুগতে শুরু করেন যাত্রীরা।









