
আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের তদারকির দায়িত্বে থাকা জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে প্রজাতন্ত্র দিবসে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি। সিবিআইয়ের আরও ৩১ জন আধিকারিককে সোমবার এই সম্মান প্রদান করা হবে বলে খবর।
আর জি করের তদন্তপর্বে কলকাতাতেই ছিলেন চন্দ্রশেখর। একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। গুজরাট ক্যাডারের ২০০০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার আরজি কর ছাড়াও পুণেতে নিহত সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরের খুনের তদন্তের দায়িত্বেও ছিলেন।
যদিও আরজি কর মামলায় তদন্ত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মাও। আদালতেও ভর্ৎসিত হয়েছে বারবার।









