মানহানির মামলায় ৫ মাসের জেল মেধা পাটকরের

0
210
Medha Patkar jailed for 5 months in defamation case
Medha Patkar jailed for 5 months in defamation case

২৩ বছর আগের মানহানির মামলায় সমাজকর্মী মেধা পাটকরের পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। মেধা পাটকরের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা।

সোমবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা জানিয়েছেন, মেধা পাটকরের বয়স এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে এক বা দু’বছরের জেলের মতো কোনও কঠোর সাজা পালনের নির্দেশ দেওয়া হচ্ছে না। তবে তাঁর অসত্য দাবির জন্য ভিকে সাক্সেনার যে সামাজিক সম্মানহানি হয়েছে বলে জানিয়েছে আদালত। এই কারণে মেধা পাটকরকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাটে নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ হিসাবে রাতারাতি প্রচারের আলোয় উঠে এসেছিলেন মেধা পাটকর। ২০০০ সালে ভিকে সাক্সেনা ন্যাশনাল কাউন্সিল অফ সিভিল লিবার্টিজ নামে একটি সংগঠনের সভাপতি ছিলেন। এই সংগঠনটি আগাগোড়া নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধিতা করেছিল। তার পাল্টা একটি প্রেস বিবৃতি জারি করে মেধা পাটকর দাবি করেছিলেন, হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকাপাচারের সঙ্গে যুক্ত ভিকে সাক্সেনা।এরপর ভিকে সাক্সেনা ২০০১ সালে আমেদাবাদের একটি আদালতে প্রবীণ সমাজকর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করেন।