
দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এক্স পোস্টে ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের দুর্ভাগ্যজনক ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক। এই খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত। এই সংবেদনশীল বিষয়ে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দৃঢ়ভাবে অনুরোধ করছেন যাতে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একইসঙ্গে তিনি ভুক্তভোগী ছাত্রী,র দ্রুত আরোগ্য কামনা করছেন। মোহন মাঝি লিখেছেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওড়িশা সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে। শুক্রবার রাতে ওই তরুণী তারই ক্লাসমেটের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওড়িশার জলেস্বরের ওই ছাত্রী। অভিযোগ ফেরার পথে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। এরপর টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়। মেরে ফেলার হুমকি দিলে তরুণীর সঙ্গে থাকা ওই যুবক ওখান থেকে পালিয়ে যায়। পরে অবশ্য ওই যুবকই তরুণীকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যদিও ওই যুবকের দাবি খতিয়ে দেখার জন্য তাঁকে আটক করে জেরা করছে পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
