
স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় বেড়েছে সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের সংখ্যা। অবিলম্বে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন-র প্রত্যাহার চেয়ে শনিবার রাত থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে প্রসূতি বিভাগের জুনিয়র ডাক্তাররা।
যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ দাবি জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছ’জন জুনিয়ার ডাক্তারের নাম ঘোষণা করেছিলেন সেই ছ’জন সহ আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্যদফতর। শনিবার দুপুরে সাতজনের হাতেই সাসপেনশনের লেটার এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে কি কারণে আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো তার উত্তর এখনও জানা নেই বলেই দাবি জুনিয়র ডাক্তারদের।
জুনিয়র ডাক্তারদের তরফে শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই ডিএমই, ডিএইচএস সহ স্বাস্থ্য আধিকারিকদের অবিলম্বে তাদের সাসপেনশন প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে। এই আবেদনে সাড়া না মিললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
