
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে মেলোনির অফিস জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী।
তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।এর আগে গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেনোলি। এর আগে,মেলোনি ও শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এই মাসের গোড়ায় চীনের উদ্যোগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করবে।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমী দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। আমেরিকাও জানিয়েছে, বেজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধচেষ্টাকে সমর্থন জানিয়েছে।এই পরিপ্রেক্ষিতে মেলোনি শিকে বলেছেন, কিভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক।
