ইরানে আটক রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার

0
75
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ইরানের হাতে আটক জাহাজের ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার। এমনটাই জানিয়েছেন পরিবারকে। ৩৮ বছরের সঞ্জয় মাহারের পরিবার রাজস্থানের শ্রী গঙ্গানগরের বাসিন্দা।
ইরানের হাতে জাহাজ আটক হওয়ার খবরে পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন। হরমুজ পার হওয়ার সময় ভারতগামী একটি জাহাজকে আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। জাহাজটির নাম এপামিনোনডেস। ওই জাহাজেই সওয়ার ছিলেন সঞ্জয়-সহ ২১ জন। প্রথম সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পারে পরিবার। পরে বাড়িতে ফোন করেন সঞ্জয়। তিনি জানান, তাঁরা নিরাপদে রয়েছেন। তাঁর বাবা ওমপ্রকাশের কথায়, হরমুজ প্রণালী পার হওয়ার সময় ইরানের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছিল। জাহাজের কর্মীরা দ্রুত ভিতরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আটক জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা রয়েছে। তার গন্তব্য গুজরাটের মুন্দ্রা বন্দর। পারাপারের ছাড়পত্রের জন্য হরমুজের কাছে তিন থেকে চার দিন জাহাজটি অপেক্ষা করছিল।
ইরানের রেভোলিউশনারি গার্ড কোর-এর দাবি, আটক জাহাজ দু’টি কোনও রকম অনুমতি ছাড়াই হরমুজ দিয়ে অগ্রসর হচ্ছিল। সে কারণেই তাদের পথ আটকে দেওয়া হয়েছে।