
উত্তর থেকে মধ্য ভারত— বিস্তীর্ণ অংশে পারদ ছুঁয়েছে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র ও প্রাণঘাতী তাপপ্রবাহের আবহে বুধবার, সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সবাইকে পর্যাপ্ত পরিমাণে জল ও ওআরএস খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি প্রবীণ ব্যক্তি ও পশুপাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যার ফলে দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হচ্ছে। তিনি সমস্ত নাগরিককে যথাসম্ভব সতর্কতা অবলম্বনের অনুরোধ করছেন। ভারত আবহাওয়া বিভাগ-এর বুলেটিন অনুযায়ী, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহ বজায় থাকবে।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বান্দা এবং মহারাষ্ট্রের ব্রহ্মপুরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।




