
চৈত্রের ঘূর্ণাবর্তে দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতাও ভিজেছে পর পর দু’দিন। তার প্রভাবে এক ধাক্কায় শহরের পারদ নেমে গিয়েছে ১১ ডিগ্রি!
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১১ ডিগ্রি কম!দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ছাড়া আর কোথাও সতর্কতা জারি করা হয়নি। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে আলাদা করে কোথাও আর সতর্কতা জারি করা হয়নি। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার।
তার পর আবার সেই সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে শুক্রবার এবং শনিবার। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। তবে এখনও সতর্কতা জারি রয়েছে।








