
সপ্তাহের শেষে ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, দশ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাঁচ জেলায় ঘন কুয়াশা এবং বাকি তিন জেলাও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতায় শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে ফিরতে পারে শীতের আমেজ।
