
নভেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরে হাওয়ার ওপর ভর করে পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে কলকাতার।
ভোরের দিকে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়লেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুকনো থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
