
পশ্চিমি ঝঞ্ঝার জেরে আরও ২ ডিগ্রি চড়েছে কলকাতা সহ দক্ষিণের তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এখনই শীতের আমেজ পাবে না বঙ্গবাসী।
এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে উত্তুরে হাওয়ার দাপট অনেকটাই কমবে। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
বুধবার উত্তরে কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।





