
অসমে যেভাবে অনুপ্রবেশকারীমুক্ত করা হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যবস্থা হয়েছে, বাংলাও সেই মডেল ফলো করতে পারে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়েছে, সীমান্ত এলাকার জেলাগুলিতে তাঁরা থাকছে, এই অভিযোগ তুলেছে বিজেপি।
ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু। বাংলায় এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিজেপি সরকারে ক্ষমতায় আসার পরেও যে কোনওভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসমে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, দেশের ভালোর জন্য অসম, ত্রিপুরায় যে কাজ হয়েছে, সেই কাজ বিজেপি সরকার বাংলাতেও সম্পূর্ণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মিটিংয়ে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা শেষ হয়ে গিয়েছে।
বাংলাতেও আগে তুষ্টিকরণের রাজনীতি হত। পূর্বতন সেই সরকার বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। অনুপ্রবেশ ইস্যু, বাংলাদেশ সীমান্ত সুরক্ষা করার জন্য অসম যে কাজ করেছে, বাংলাতেও সেই পদক্ষেপ নেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিন আরও ভালো হবে, হিমন্তকে সেই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বশর্মা সম্পর্কে তাঁর দাদার মতো। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর কাজের থেকে শিক্ষা নিয়েও কাজ করা হবে। সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








