
আমেরিকার ডাল শস্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে ভারত,এমনই দাবি করছেন মার্কিন আইনপ্রণেতারা। আমেরিকার দুই রিপাবলিকান আইনপ্রণেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন।
ভারত যাতে ডালজাতীয় শস্যের উপর থেকে শুল্ক কিছুটা হ্রাস করে, তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তাঁরা। ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তিতেও এই বিষয়টি মাথায় রাখতে বলেছেন। জানিয়েছেন, ভারতের এই শুল্কে সমস্যায় পড়ছেন মার্কিন ব্যবসায়ীরা। আমেরিকার মন্টানা প্রদেশের রিপাবলিকান সেনেটর স্টিভ ডেনিস এবং উত্তর ডাকোটার সেনেটর কেভিন ক্র্যামার, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন।
নিজ নিজ প্রদেশের ডাল শস্যের ব্যবসায় সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। চিঠিতে বলা হয়েছে, আমেরিকায় এই দুই প্রদেশ মটর ও অন্যান্য ডাল শস্য উৎপাদনে শীর্ষে রয়েছে। উল্লেখ্য ডাল শস্যের ক্ষেত্রে ভারত সবচেয়ে বড় গ্রাহক।বিশ্বের মোট আমদানিকৃত ডালের ২৭ শতাংশ যায় ভারতের বাজারেই। তাই এই বাজারকে বাড়তি গুরুত্ব দেন মার্কিন ব্যবসায়ীরা।
