
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে তুলনা যেন কখনোই শেষ হওয়ার নয়। গোল, রেকর্ড, ব্যক্তিগত পুরস্কার,সব কিছুর মতো দলীয় ট্রফির হিসাবেও চলছে তাদের লড়াই।
আর সেই তালিকায় এখনো অনেকটা এগিয়ে আছেন মেসি।বর্তমানে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় ট্রফি জয়ের রেকর্ডটি মেসির দখলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ট্রফির সংখ্যা ৪৮। বার্সেলোনা,পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এই অর্জন গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।অন্যদিকে সৌদি প্রো লিগ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ৩৬তম ট্রফি জিতেছেন রোনালদো। আল নাসরের হয়ে এটি তার প্রথম বড় ট্রফি।এই ট্রফি জয়ের ফলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ীদের তালিকায় যৌথভাবে ১১তম স্থানে উঠে এসেছেন রোনালদো। তার সমান ৩৬টি ট্রফি রয়েছে সার্জিও বুসকেটস, আনহেল ডি মারিয়া ও রায়ান গিগসদেরও।সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলারদের তালিকায় মেসির পরেই আছেন দানি আলভেস ৪৩, মারকিনিওস ৪২ এবং আন্দ্রেস ইনিয়েস্তা ৪০।
৪১ বছর বয়সী রোনালদোর সামনে এখন নতুন লক্ষ্য,ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া। এখন পর্যন্ত ৯৭৩ গোল করেছেন রোনালদো।







