
ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তাতেও অবশ্য জয় পেল না দল। আমেরিকার অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
নতুন বছরে প্রথমবার খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।তবে মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।এমএলএসের নতুন সিজন শুরু হবে ফেব্রুয়ারিতে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি।ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল।কাঙ্ক্ষিত জয় না পেলেও একদম হতাশও হতে হয়নি তাদের। সবচেয়ে বড় কথা গোল দিয়েই বছর শুরু করেছেন মেসি। মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৩১ মিনিটে এগিয়ে যায় ক্লাব আমেরিকা।হেনরি মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দু’ দল।৫২ মিনিটে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেইয়েস গোলটি করেন। ৬৫ ও ৬৬ মিনিটে সুয়ারেজ ও মেসিকে মাঠ থেকে তুলে নেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।খেলোয়াড় বদলেও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি।
২০ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক টমাস আভিলেস গোল করে সমতায় ফেরান দলকে।ইন্টার মায়ামি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ৩০ জানুয়ারি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও।









