
২০২৫ সালে কোম্পানির মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা করেছেন মেটা প্রধান মার্ক জুকেরবার্গ। সোশ্যাল মিডিয়া,ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও এর মূল কোম্পানি মেটার প্রধান কর্মীদের বলেছেন, প্রত্যাশার চেয়ে কম মানের কাজ করছেন এমন কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি।
আর এই কর্মীর সংখ্যা হতে পারে পাঁচ শতাংশ। এদিকে মেটার এক অভ্যন্তরীণ মেমোতে জুকেরবার্গ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কাজে কম দক্ষ কর্মীদের দ্রুত সরিয়ে ফেলার জন্য নিজেদের পারফরমেন্স ব্যবস্থাপনার মান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মেমো অনুসারে, জুকেরবার্গ বলেছেন কোম্পানি সাধারণত এক বছরের মধ্যে প্রত্যাশা অনযায়ী কাজ করতে পারেননি এমন কর্মীদের ছাঁটাই করে তবে শিগগিরই আরও বড় পরিসরে পারফরমেন্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছেন তারা।মেটা বলেছে, ২০২৪ সালেও প্রায় একই সংখ্যক কর্মী ছাঁটাই করেছে তারা। তবে তাদের বর্তমান পারফরমেন্স সাইকেল-এর ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য রয়েছে ১০ শতাংশের মতো।উল্লেখ্য গত সপ্তাহে মেটা তাদের ফ্যাক্ট-চেকারদের ব্যবহার বন্ধ করে এক্স-এর মতো কমিউনিটি নোট সিস্টেমে চলে যাওয়ার ঘোষণা দেয়। কারণ, তার মতে, ফ্যাক্ট-চেকারদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত ছিল।
মার্ক জুকেরবার্গ বলেছেন, তারা নিজেদের স্বয়ংক্রিয় কনটেন্ট মডারেশন সিস্টেমও সরিয়ে নিচ্ছে। কারণ কোম্পানিটির এ সিস্টেমটি তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খুব বেশি কনটেন্ট সরিয়ে ফেলছে, যা সেন্সরশিপেরই সমান।
