
এবার রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম-সহ অন্যান্য মিডিয়া সংস্থাগুলিকেও নিষিদ্ধ করার ঘোষণা করেছে মেটা।
যা নিয়ে সংস্থার তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়াও।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা-সহ একাধিক পশ্চিমি দেশ। ওই সময় থেকেই মস্কোর সংবাদমাধ্যমগুলিকে সরিয়ে ফেলতে মেটার উপর চাপ বাড়ছিল। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে ব্রিটেনের বিভিন্ন এলাকায় অশান্তির উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেই এই পদক্ষেপ করেছে মেটা। এই বিষয়ে সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতার সঙ্গে বিবেচনার পর তারা রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। রোশিয়া সেগডনয়া, আরটি এবং অন্যান্য এই ধরনের সংস্থাগুলির হাত ধরে চলা বিশ্বব্যাপী অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। এরপরেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার সংবাদমাধ্যমের উপর এই ধরনের আক্রমণ কখনই গ্রহণযোগ্য নয়।








