
বিপর্যয় কাটিয়ে শেষপর্যন্ত বউবাজারের নিচ দিয়ে ছুটল মেট্রো রেক। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড ট্রায়াল রান সফল হতে হাততালিতে ফেটে পড়েন জিএম থেকে মেট্রোর কর্মীরা।
ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ২০১৯-এ অগাস্টে বউবাজারের বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার সাড়ে ৫ বছর পর এবার সেই এলাকা দিয়েই মঙ্গলবার হয়েছে ট্রায়াল রান। ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রানে ছিলেন মেট্রো রেলের জিএম পি উদয়কুমার রেডিড এবং কেএমআরসিএল-র শীর্ষ কর্তারা। সব ঠিক থাকলে এবছরের যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ট্রায়াল রান শুরু হয়। শিয়ালদহ থেকে একটি রেক এসপ্ল্যানেডে যায়। প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ১১ মিনিটে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের। মধ্যে মেট্রো পরিষেবা চালু হওয়া এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর সাড়ে ১৬ কিলোমিটারের কিছু বেশি অংশ যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। একদিকে হাওড়া থেকে এসপ্ল্যানেড অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অংশে মেট্রো চলছে। এতদিন মিসিং লিঙ্ক হিসেবে শুধুমাত্র শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ পড়েছিল।
এবার সেই অংশে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই অংশটুকু যুক্ত হলেই ইস্ট ওয়েস্ট মেট্রো পুরো অংশেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।
