
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রযুক্তিনির্ভর সার্ভিস বাড়াচ্ছে মেক্সিকো সিটি। এর অংশ হিসেবে শহর প্রশাসন চালু করেছে একটি নতুন চ্যাটবট, যা পর্যটক ও বাসিন্দাদের বিভিন্ন তথ্য দিতে কাজ করবে।রিপোর্ট বলছে, শো-লি নামের এই চ্যাটবটটি সার্ভিস,পর্যটন ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কিত তথ্য দেবে।
হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষাতেই এটি ব্যবহার করা যাবে।এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল মেক্সিকো, কানাডা ও আমেরিকাজুড়ে আয়োজিত হচ্ছে।গোটা টুর্নামেন্টের মোট ১৩টি ম্যাচ আয়োজিত হবে মেক্সিকোতে।মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়ামে ১১ জুন আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ, যেখানে ১৯৮৬ সালে ফিফা বিশ্বকাপ ট্রফি তুলে ধরেছিলেন দিয়েগো মারাদোনা।২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিপুলসংখ্যক পর্যটক আসবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।সেই চাপ সামাল দিতেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তবে বিশ্বকাপ শেষ হলেও এটি চালু থাকবে, যাতে অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো এবং জনসেবায় সহজ প্রবেশ নিশ্চিত করা যায়। সংবাদ সম্মেলনে শহর সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা বলেন,এই চ্যাটবট সংস্কৃতি, পর্যটন, বিনোদন ও নাগরিক সেবাকে একসঙ্গে যুক্ত করার প্রযুক্তিগত মাধ্যম হিসেবে কাজ করবে।এই চ্যাটবটটি যৌথভাবে তৈরি করেছে শহরের ডিজিটাল উদ্ভাবন সংস্থা ও পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রণালয়। এটি দিনরাত ২৪ ঘণ্টাই চালু থাকবে। ইউজাররা হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নম্বরে হোলা,স্প্যানিশ ভাষায় হ্যালো লিখে বার্তা পাঠালেই এটি চালু হবে।
শো-লি নামটি এসেছে অ্যাক্সোলটল নামের এক ধরনের জলজ প্রাণী থেকে। চ্যাটবটটি ইউজারের ভাষা নির্বাচন করার পর সংস্কৃতি, ভ্রমণ, খাবার বা যাতায়াতসহ বিভিন্ন বিভাগের তথ্য দেবে। চাইলে সরাসরি প্রশ্ন করেও তথ্য জানা যাবে।বিশ্বকাপ উপলক্ষে এতে আলাদা একটি বিভাগ রাখা হয়েছে, যেখানে ম্যাচের সময়সূচি, বিশেষ আয়োজন, খেলার সরাসরি সম্প্রচার ও টিকিট কেনার তথ্য পাওয়া যাবে।
