
মেক্সিকো শহরে সরকারবিরোধী বিক্ষোভ সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জনই পুলিশ সদস্য। হিংসার মধ্যেও হাজারো মানুষ রাস্তায় নেমে সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবমের সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
একই দিনে দেশটির আরও কয়েকটি শহরেও বিক্ষোভপ্রদর্শিত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত হত্যাকাণ্ড, বিশেষ করে উরুয়াপানের মেয়র কার্লোস মানজোর হত্যার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। কঠোরভাবে মাদক-কার্টেল দমনের দাবি জানিয়ে আসা মানজোকে ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে গুলি করে হত্যা করা হয়। উই আর অল কার্লোস মানজো- স্লোগান লিখে অনেক বিক্ষোভকারী ব্যানার হাতে মিছিল করেছেন।
অনেকে আবার নিহত মেয়রের প্রতি সম্মান জানিয়ে কাউবয় হ্যাট পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা জাতীয় প্রাসাদের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ।
