
আমেরিকার মেজর লিগ সকারে চলতি সিজনের শুরুটা ভালোই ছিল ইন্টার মিয়ামির। কিন্তু কয়েক ম্যাচ পরই অবনতি হতে থাকে লিওনেল মেসির দলের। মনে হচ্ছে মিয়ামি যেন ধীরে ধীরে নিজেদের পথ হারাচ্ছে।ঘরের মাঠে শেষ চিরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিয়ামির। এতে শেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরে বসেছে মিয়ামি।
মেসির দলে থাকা অবস্থায়ও দলের এমন করুণ পরাজয় দেখে ফ্যানরা হতাশ হয়ে বলতেই পারেন, পথ হারাচ্ছে কি মিয়ামি!ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অরল্যান্ডোর হয়ে গোল করেছেন লুইস মুরিয়েল, মার্কো পাসালিচ এবং ডাগুর থরহালসন। গত দু’ বছরে রাজ্য প্রতিদ্বন্দ্বী মিয়ামির বিপক্ষে এটি অরল্যান্ডোর প্রথম জয়।এছাড়া মেসি স্কোয়াডে থাকা অবস্থায় মিয়ামির বিপক্ষে প্রথমবার জিতলো তারা।এ নিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে অরল্যান্ডো। ফ্লোরিডা প্রতিদ্বন্দ্বী মিয়ামির বিপক্ষে এই জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে ফ্লোরিডা ডার্বিতে টানা চার ম্যাচের অপরাজেয় যাত্রা শেষ হয়েছে মিয়ামির।
এদিকে,শেষ তিন লিগ ম্যাচে দ্বিতীয়বারের মতো ৩ গোলের ব্যবধানে হারলো মিয়ামি। এটি সিজনের প্রথম লিগ ম্যাচ, যেখানে তারা কোনো গোল করতে পারেনি।ম্যাচের অন্তিম লগ্নে একবার জ্বলে উঠেছিলেন লিওনেল মেসি। বামপাশ থেকে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে চেষ্টা করেছিলেন ব্যবধান কমাতে। কিন্তু পুলপো গায়েসে নামে পরিচিত গোলরক্ষক পুরো শরীর দিয়ে সেই বল ঠেকিয়ে দেন।









