
লিওনেল মেসি ছন্দে থাকলে কতটা ভয়ঙ্কর সুন্দর, টের পেল কলম্বাস ক্রু। নিজে গোল করলেন, গড়লেন রেকর্ড। সতীর্থদের দিয়ে করালেন একের পর এক। আর্জেন্টাইন জাদুকরের মোহনীয় পারফম্যান্সে বিশাল জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের মহড়া সেরে নিল ইন্টার মায়ামি।মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলো কলম্বাস ক্রু।
ম্যাচের প্রথম ভাগেই মেসি নিজে গোল করলেন দুটি। মেজর লিগ সকারের নিয়মিত সিজনে ৩০ গোল করে তিনি ছাড়িয়ে গেলেন মায়ামির হয়ে গন্সালো হিগুয়াইনের রেকর্ড।ম্যাচজুড়ে দারুণ খেলে বানিয়ে দিলেন দলের বাকি তিন গোলও।লিগ টানা চার ম্যাচে জিততে না পারার হতাশা পেরিয়ে আগের ম্যাচে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল মায়ামি। সেদিনও দারুণ খেলেছিলেন মেসি। তবে কলম্বাস ক্রুর বিপক্ষে এই ম্যাচে মেসি ও তার দল ফিরল যেন সত্যিকারের চেহারায়। ক্লাব বিশ্বকাপের আগে এমন জয়ে প্রতিপক্ষ দলগুলিকেও তারা দিয়ে রাখল বার্তা।ঘরের মাঠে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই জাদুর ঝলক দেখান মেসি। নিজেদের অর্ধে মাঝমাঠের কাছাকাছি থেকে আচমকাই উঁচু করে দূরপাল্লার নিখুঁত পাস দেন তিনি তাদেও আইয়েন্দেকে। ক্রুর ডিফেন্ডারদের হতভম্ব করে বক্সের ভেতর বল না ধরেই ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান আর্জেন্টাইন উইঙ্গার।দেড় মিনিটপর মেসির নিজের গোল করার পালা। যদিও সেটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। বল ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি সময় নিয়ে গড়বড় করে বসেন ক্রুর গোলকিপার নিকোলাস হ্যাগেন। পরে তড়িঘড়ি করে পাস দিয়ে বসেন তিনি বক্মের মুখে থাকা মেসিকে।সুযোগ বুঝে বুক দিয়ে বল নামিয়ে উঁচু করে গোলের দিকে ভাসিয়ে দেন মেসি। গোলকিপার হ্যাগেন লাফিয়ে বল হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি।
তার হাত থেকে এক ড্রপে বল চলে যায় জালে।মিনিট দশেক পর নিজেদের অর্ধ থেকেই উঁচু করে দারুণ এক বল বাড়ান সের্হিও বুসকেতস। ক্রুর অফসাইড ফাঁদ পেরিয়ে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান মেসি। আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে আলতো চিপ করে মায়ামি অধিনায়ক মেসি করেন নিজের দ্বিতীয় গোল। ২৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি।
