
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও কাজ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ,মাইকেল অবশেষে মুক্তি পেতে চলেছে রুপালি পর্দায়। ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিনেমা, যা সাধারণ প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্সেও উপভোগ করতে পারবেন দর্শকরা।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অস্কার মনোনীত নির্মাতা অ্যান্টোয়ান ফুকোয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান, যিনি গ্ল্যাডিয়েটর এবং স্কাইফল-এর মতো ছবির জন্য প্রশংসিত হয়েছেন।মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফার জ্যাকসন,যার চেহারা, মুদ্রাভঙ্গি ও কণ্ঠে রয়েছে কিংবদন্তি পপস্টারের ছায়া।আমেরিকায় ছবিটি পরিবেশন করছে লাইন্সগেট, অন্যদিকে আন্তর্জাতিকভাবে দায়িত্ব নিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। জাপানে ছবিটি পরিবেশন করবে কিনো ফিল্মস। জানা যাচ্ছে মাইকেল সিনেমায় উঠে আসবে এক সাধারণ কিশোরের বিশ্বসেরা পপ কিং হয়ে ওঠার হৃদয়স্পর্শী ও নাটকীয় যাত্রাপথ।এতে দেখা যাবে তার শৈশবের সংগীতজগতে প্রবেশ, পারিবারিক সম্পর্ক, খ্যাতি ও বিতর্কের মধ্যে বেড়ে ওঠার গল্প,যা দর্শকদের দেবে কিংবদন্তির জীবনের নানা অধ্যায়ের স্বাদ।সিনেমাটির শুটিং শেষ হয় ২০২৪ সালের মে মাসে। তবে পরবর্তী সময়ে কিছু দৃশ্য পুনরায় শুট এবং দীর্ঘ প্রাথমিক কাটের কারণে মুক্তির তারিখ পেছানো হয়। প্রথমে এটি দু’ পর্বে মুক্তির পরিকল্পনায় থাকলেও শেষ পর্যন্ত একটি সিনেমা হিসেবেই আসছে এটি।
ছবিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার।অভিনয়ে আরও রয়েছেন কোলম্যান ডোমিংগো, নিয়া লং, মাইলস টেলার, লারেনজ টেট , ক্যাট গ্রাহাম এবং জেসিকা সুলা।
