বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

0
21
ছবি সৌজন্যে : এক্স

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র মাইকেল বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটি সংগীতনির্ভর জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা অর্জন করেছে।

২৪ এপ্রিল মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে সিনেমাটি। শেষ বক্স অফিস হিসাব অনুযায়ী, মাইকেল-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর ফলে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক আলোচিত চলচ্চিত্র,বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে এটি।চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই ছবিটি একশ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে।সেই লক্ষ্য পূরণ হলে মাইকেল হবে বিশ্বের প্রথম সংগীতভিত্তিক জীবনীচিত্র, যা এক বিলিয়ন ডলারের বক্স অফিস ক্লাবে জায়গা করে নেবে।চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। কিংবদন্তি শিল্পীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক,উভয় মহলেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ছবিটিতে আরো অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ একাধিক পরিচিত শিল্পী। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত প্রজেক্টে পরিণত হয়েছে।