
ডিসেম্বরের শেষ মানেই বাঙালির চেনা গন্তব্য সমুদ্র সৈকত দিঘা নগরী। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ ঘিরে এ বারও বছরের শেষ ক’টা দিন সৈকত শহরে আছড়ে পড়তে চলেছে পর্যটকদের ভিড়।
এই বিপুল জনজোয়ারে যাতে ট্র্যাফিক ব্যবস্থা ভেঙে না পড়ে, তার জন্য এখন থেকেই ময়দানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উৎসবের দিনগুলিতে দিঘায় যথেচ্ছ যান চলাচল করবে না। বিশেষ করে অটো ও টোটোর দাপট নিয়ন্ত্রণে আনা হচ্ছে। ওই বৈঠকেই দিঘার জন্য একটি বিশেষ গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন, এ বারও বড়দিন এবং বছরের শেষ ক’টা দিন সৈকত শহরে লক্ষাধিক মানুষের ভিড় হবে। পরিস্থিতি সামাল দিতে শহরের প্রবেশ পথেই কড়াকড়ি শুরু হবে। দিঘা গেটের বদলে বাইপাস রাস্তা দিয়েই পর্যটকবাহী গাড়িগুলিকে যাতায়াত করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ছোট গাড়ি রাখার জন্য শহরের সাতটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
এ ছাড়া বড় বাস ও টুরিস্ট ভ্যান রাখার জন্য হেলিপ্যাড গ্রাউন্ডের পাশের মাঠে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বারের বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির।
