
ঝাড়খণ্ডে বেলডাঙার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই অসমে কাজে গিয়ে মৃত্যু হয়েছে কোচবিহারের এক পরিযায়ী শ্রমিকের। অসমে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ।
পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, খুন। ওই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। মৃত বছর ৩৫-র হিমাঙ্কর পাল। তাঁর বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কুশরামারি গ্রামে। রবিবার অসমের গোয়ালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮–১০ বছর ধরে অরুণাচল প্রদেশে রঙের কাজ করতেন হিমাঙ্কর। কিছু দিন আগে বাড়ি ফিরলেও গত বৃহস্পতিবার আবার কাজের সন্ধানে ভিনরাজ্যে রওনা দেন। তবে সেখানে কাজ না পাওয়ায় পর দিন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেই সময়ে বাবার সঙ্গে শেষ বার ফোনে কথা হয় তাঁর।
ইতিমধ্যেই মৃতদেহ আনতে পরিবারের সদস্যেরা অসম রওনা দিয়েছেন। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছে মৃতের পরিবার।





