
এ যেন টলিউডের কোনও চিত্রনাট্যের থেকেও বেশি ৷ টানটান উত্তেজনার পর এমনই কাহিনি উঠে এসেছে মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অখ্যাত মীরাগ্রামে ৷ দীর্ঘ ১৫ বছর আগে ভিনরাজ্যে কাজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক ৷
এতদিন কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ৷ পরিবারের লোকজনও আশা ছেড়ে দিয়েছিলেন ৷ ভেবেছিলেন, আর ওই শ্রমিক বেঁচে নেই ৷ যদিও শনিবার ঘরে ফিরেছেন মোস্তাফা ৷ এমন ঘটনায় হতবাক সবাই ৷ নির্বাক সীমা-মোস্তাফা ৷ মীরাগ্রামের মীর মোস্তাফার বয়স এখন ৪৬ বছর ৷ কিন্তু গত ১৫ বছরে আঙুলের ফাঁক গলে বয়সটা মনে হয় তাঁর বেড়ে গিয়েছে ত্রিশের ব্যবধানে ৷ একটা সময় গ্রামে ডাকাবুকো হিসাবে পরিচিত ছিলেন ৷ কারও প্রয়োজনে একবার ডাকলেই তিনি হাজির ৷ সদা হাস্যময় সেই যুবক এখন অনেকটাই বুড়িয়ে গিয়েছেন ৷ সম্ভবত পিছনের সেই ১৫ বছর তাঁকে সামনের দিকে এগিয়ে দিয়েছে অনেকটাই ৷
অল্প বয়স থেকেই শ্রমিকের কাজ করতেন তিনি ৷ পরে ভিনরাজ্যেও কাজে যেতে শুরু করেন ৷ বিয়ে করেন সীমা বিবিকে ৷ দুটি ছেলে হয় তাঁদের ৷ ১৫ বছর আগে উত্তরপ্রদেশে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন তিনি ৷ শুধু দেখা নয়, সেই থেকে তাঁর আর কোনও খোঁজও পাওয়া যায়নি ৷
