
ঠিক ২০ বছর আগে ২০০৬ সালে ডিজনি চ্যানেলে শুরু হয়েছিল জনপ্রিয় কিশোরী সিরিজ হানা মন্টানা। সেই সোনালী দিনগুলোকে স্মরণ করতে এবং ফ্যানদের ধন্যবাদ জানাতে একটি বিশেষ বার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন পপ তারকা মাইলি সাইরাস।
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অনুষ্ঠানের প্রথম ট্রেলার।সেখানে মাইলিকে পুরনো দিনের সেই সেটে ঘুরে বেড়াতে দেখা যায়।স্টুয়ার্ট পরিবারের বসার ঘর থেকে শুরু করে হানা মন্টানার সেই বিখ্যাত আলমারি,সবকিছুই নতুন করে তৈরি করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য।ট্রেলারে মাইলিকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, এটি আমার কাছে নিজের বাড়ির মতো মনে হচ্ছে।এই বিশেষ অনুষ্ঠানে মাইলি সাইরাসের পাশাপাশি তার মা টিশ সাইরাস ও বাবা বিলি রে সাইরাসকেও দেখা যাবে।এ ছাড়া থাকবে সিরিজের পুরনো এবং অদেখা কিছু ভিডিও ফুটেজ।অনুষ্ঠানটি সম্পর্কে মাইলি বলেছেন,হানা মন্টানা সব সময় তাঁর জীবনের একটি অংশ হয়ে থাকবে।এই শো-টি শুধু একটি টিভি অনুষ্ঠান ছিল না, এটি কোটি ফ্যানর সঙ্গে তাঁর এক গভীর সংযোগ তৈরি করেছে। এই বার্ষিকী অনুষ্ঠানটি আসলে সেইসব ফ্যানদের জন্য যারা ২০ বছর ধরে তাঁর পাশে ছিলেন।
লাইভ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে এই বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন,কল হার ড্যাডি’র উপস্থাপক অ্যালেক্স কুপার।আগামী ২৪শে মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে এই বিশেষ অনুষ্ঠানটি মুক্তি পাবে।
