
এর আগে একাধিক হত্যার সঙ্গে জড়িত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার নেপথ্যে থাকা গোষ্ঠী। এমনটাই বলছে তদন্তকারীদের সূত্র। গত বছর এই জম্মু-কাশ্মীরেরই গান্ডেরবালে এক হত্যাকাণ্ডের নেপথ্যেও ওই জঙ্গিদের ভূমিকা ছিল বলে জানা গিয়েছে তদন্তে।
২০২৪ সালের ওই ঘটনায় ছয় শ্রমিক এবং এক ডাক্তার নিহত হন। সোনমার্গের জেড-মোড় সুড়ঙ্গের কাছে উদ্ধার হয়েছিল তাঁদের দেহ। সূত্রের খবর, পহেলগাঁওয়ের মতো ওই হামলাটিও পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার এলইটি-র শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দ্বারা পরিচালিত হয়েছিল। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেড-মোড় হামলার নেপথ্যে ছিল পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লস্কর-জঙ্গি হাশিম মুসা ওরফে সুলেমান।
২০২৪ সালের ওই হামলার পর পুরোদমে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। সে বছরের ডিসেম্বরেই সংঘর্ষ-এ নিহত হয় জুনাইদ আহমেদ ভাট নামে আর এক জঙ্গি। পরে একই হামলার সঙ্গে যুক্ত আরও দুই জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু নিরাপত্তাবাহিনীর নাগালের বাইরেই থেকে গিয়েছিল মুসা।
