কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ফের জম্মু ও কাশ্মীরে সোমবার অনুপ্রবেশের চেষ্টা একদল জঙ্গির। যদিও সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে ভারতীয় জওয়ানরা। ভয়াবহ বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরের বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি জম্মু গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতির মধ্যেই ঘটেছে এই ঘটনা।
সেনার তরফে জানানো হয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বালাকোটের ডাব্বি গ্রামের কাছে একদল জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখেন জওয়ানরা। সঙ্গে সঙ্গেই গুলি ছুড়ে সেই চেষ্টা ব্যর্থ করা হয়। এক সেনাকর্তা জানিয়েছেন, সেনার আক্রমণের মুখে পড়ে জঙ্গিরা পালানোর চেষ্টা করে, কিন্তু দ্রুতই অতিরিক্ত বাহিনী পৌঁছে যায় এবং গোটা এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে সেনার তরফে এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, যাতে কোনওভাবেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে তার জন্য বাহিনী সজাগ আছে। রবিবারও পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় ২ সশস্ত্র জঙ্গিকে।
তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। আরও একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তাবাহিনীর। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গত সপ্তাহেই কয়েকদিন আগেই ৩ পাক জঙ্গি বিহার সীমান্ত হয়ে নেপাল থেকে ভারতে ঢুকেছে বলেই জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা। যা নিয়ে রীতিমতো রেড অ্যালার্টও জারি করা হয়েছে।