
জম্মু ও কাশ্মীরে রবিবার রাতে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। কাশ্মীরের বান্দিপোরার আরাগাম এলাকায় জঙ্গিদের খোঁজে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা।
সেখানেই গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েছেন তাঁরা। গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বান্দিপোরায় দু’জন জঙ্গি লুকিয়ে আছে বলে গোপন সূত্র মারফত খবর পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। রাতেই সেখানে অভিযান চালিয়েছেন তাঁরা। জঙ্গিদের ডেরায় পৌঁছতেই শুরু হয়েছিল গুলির লড়াই। এনকাউন্টারে এক জনের মৃত্যু হয়। তবে দ্বিতীয় জনের খোঁজ পাওয়া যায়নি। রবিবারই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসদমনে কাশ্মীরে পূর্ণশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর নিরাপত্তারক্ষীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ করা যাচ্ছে কাশ্মীরে।








