
জম্মু-কাশ্মীরের জঙ্গিরা হয় জেলে না হয় জাহান্নামে যাবে। সংসদে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
গত কয়েক মাসে লাগাতার জঙ্গি হামলার সাক্ষী হয়েছে উপত্যকা। ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে দুটি এনকাউন্টারের ঘটনায় এখনও পর্যন্ত একজন জঙ্গি নিহত হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। এই পরিস্থিতিতে বুধবার কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। সাম্প্রতিক একের পর এক জঙ্গি হামলায় উপত্যকায় প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি।এরপরেই পাল্টা জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি নরেন্দ্র মোদী সরকারের জিরো টলারেন্স নীতি নিয়েছে। কেন্দ্রীয় সরকার সন্ত্রাস বন্ধ করবেই। তিনি হাউসকে আশ্বস্ত করতে চান যে, জঙ্গিরা হয় জেলে না হয় জাহান্নামে যাবে। নিত্যানন্দ রাইয়ের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর জঙ্গি হামলার ঘটনা ৬৭ শতাংশ কমেছে। শহিদ সেনার সংখ্যা আগের চেয়ে অনেকটা কম। জম্মু-কাশ্মীরের মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। কয়েক দিনে ২৮ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর ৯০০ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।
