মিলপিটাসের বাসিন্দাদের ক্যামেরাওয়ালা ডোরবেল

0
55
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সিলিকন ভ্যালির এক শহর তাদের বাসিন্দাদের বিনামূল্যে ক্যামেরাওয়ালা তারবিহীন ডোরবেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশকে ভিডিও প্রমাণ সংগ্রহে সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে শহরটি।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসের উত্তরের শহরতলী মিলপিটাসের সিটি কাউন্সিল সম্প্রতি এ কাজের জন্য ৬০ হাজার ডলার অনুমোদন করেছে। প্রতিটি পরিবারকে একটি করে ক্যামেরা দেওয়া হবে। মিলপিটাস সিটি কাউন্সিল সদস্য এভলিন চুয়া বলেছেন, এ ডোরবেল ক্যামেরা উদ্যোগের উদ্দেশ্য অপরাধ ঠেকানো।তিনি বলেছেন, জননিরাপত্তা তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। অপরাধ প্রতিরোধ ব্যবস্থা যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ বাড়িতে, এ ডোরবেল ক্যামেরা ঠিক সেখানেই বসবে।মিলপিটাসের সহকারী পুলিশ প্রধান টাইলার জ্যামিসন বলেছেন,পুলিশ একটি লিংক শেয়ারের পরিকল্পনা করছে, যার মাধ্যমে বাসিন্দারা স্বেচ্ছায় তাদের ডোরবেলের ফুটেজ আপলোড করতে পারবেন।এ ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা এ প্রোগ্রামে অংশ নিতে নাম লেখাতে পারবেন।তিনি বলেছেন, বাসিন্দারা যতক্ষণ নিজেরা আমাদের সঙ্গে ফুটেজ শেয়ার না করছেন, ততক্ষণ আমরা তাদের ব্যক্তিগত কোনো ভিডিও দেখতে পাব না।

এদিকে,সিটি কাউন্সিলের ১৭ মার্চের সভার এক কার্যবিবরণী থেকে জানা গেছে, কাউন্সিল গত গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ারই স্যান লিয়ান্দ্রো শহরের মতো কর্মসূচি পর্যালোচনার নির্দেশ দিয়েছিল। এখানে শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের অ্যামাজন রিং ক্যামেরা সরবরাহ করে থাকে।