
দু বছর আগে পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল রক্তবীজ। এবারও পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আসন্ন উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। প্রথম পর্বের শুটিং আগেই হয়েছে। এবার জানা গেল, মিমি-আবিরকে নিয়ে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন টলিপাড়ার পরিচালকদ্বয়।আগেই প্রযোজনা সংস্থার একটি টিম পৌঁছে গিয়েছে থাইল্যান্ডে। আর তারপর উড়ে গিয়েছেন অঙ্কুশ। জানা যাচ্ছে, মিমি-আবির, অঙ্কুশের পাশাপাশি কৌশানী মুখোপাধ্যায়ও থাকছেন সেই বিশেষ সিক্যুয়েন্সে। সেটা কীরকম? এর মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরনো ধারা মেনে আবারও বাংলা ছবির গানের দৃশ্যের শুটিং হচ্ছে বিদেশের মাটিতে।এই প্রথম উইন্ডোজ প্রযোজনা সংস্থার কোনও ছবির গানের দৃশ্য বিদেশের লোকেশনে ক্যামেরাবন্দি হবে। জানা গিয়েছে, রক্তবীজ ২-এর দুটো গানই শুটিংই হবে থাইল্যান্ডে। তার মধ্যে একটিতে থাকছে পুলিশ অফিসার জুটি আবির-মিমির রোম্যান্স।আর দ্বিতীয় গানটিতে দেখা যাবে অঙ্কুশ-কৌশানীকে। এই গানটিতেই নাকি গল্পের বাঁক ঘুরবে।জানা গিয়েছে, ৩ জুন থেকেই থাইল্যান্ডে পুরোদস্তুর শুটিং শুরু করেছে টিম রক্তবীজ ২। উল্লেখ্য ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার রক্তবীজ একের পর এক রেকর্ড গড়েছিল।বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়।এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে।
প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও জানা যায় নি।
