
অনলাইন বেআইনি বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার সকালে কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন মিমির আইনজীবী।
কাগজপত্রও নিয়ে গিয়েছিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। ইডি দফতরে প্রবেশের মুখে সাংবাদিকদের সামনে তেমন কোনও মন্তব্য করতে চাননি তিনি। মিমি-সহ বেশ কয়েক জনকে বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় তলব করেছে ইডি। রবিবারই সেই খবর প্রকাশ্যে আসে। তালিকায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও রয়েছেন। সূত্রের খবর, মিমিকে সোমবার এবং উর্বশীকে মঙ্গলবার ডাকা হয়েছে। নির্ধারিত দিনেই মিমি হাজিরা দিয়েছেন। ইডি দফতরের সামনে গাড়ি থেকে নামার পর সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছেন, তাঁর কিছু বলার আছে কিনা অভিনেত্রীর উত্তর, ইডি দফতর থেকে বেরিয়ে তিনি কথা বলবেন।
অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের মামলার তদন্ত করছে ইডি। অভিযোগ, এই সমস্ত অ্যাপ বেআইনি ভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে। প্রতারণা করা হয়েছে বিনিয়োগকারীদের সঙ্গেও। মিমি-সহ একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এই সমস্ত অ্যাপের হয়ে প্রচার করেছেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
