
সমবেদনা জানাতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে রীতিমতো ধুতি ধরে দৌড়ে প্রাণে বেঁচেছেন বিহারের মন্ত্রী শ্রবণ কুমার ও নালন্দার স্থানীয় বিধায়ক কৃষ্ণ মুরারি। বুধবার এমনই ঘটনা ঘটেছে বিহারের নালন্দা জেলার মালাওয়ান গ্রামে। পশ্চিমবঙ্গেও বামফ্রন্ট সরকারের আমলে প্রায় একই ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তৎকালীন কংগ্রেস বিধায়ক তথা বর্তমান তৃণমূল মন্ত্রী মানস ভুঁইঞা।
সম্প্রতি বিহারের ওই গ্রামের ৯ বাসিন্দা একটি দুর্ঘটনায় মারা যান। মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে ওই গ্রামে গিয়েছিলেন বিহারের মন্ত্রী শ্রবণ কুমার ও বিধায়ক কৃষ্ণা মুরারি। কিন্তু তারপরই ঘটে যায় এই অপ্রীতিকর ঘটনা। জানা যাচ্ছে, মন্ত্রী ও বিধায়ক যখন ওই গ্রাম থেকে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গ্রামবাসীরা আরও কিছুক্ষণ থাকতে অনুরোধ করেন তাঁদের। মন্ত্রী শ্রবণ কুমার গ্রামের মানুষকে জানান, তাঁদের অন্য কর্মসূচি রয়েছে। সেখানে পৌঁছতে হবে। এরপরই ক্ষতিপূরণ ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বাবদ আর্থিক সাহায্যের দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ-লাঠি ও পাথর নিয়ে তাঁরা মন্ত্রী, বিধায়ককে প্রায় এক কিলোমিটার ধাওয়া করেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে শ্রবণ কমার ও কৃষ্ণা মুরারি পালানোর চেষ্টা করেন।
দু’বার গাড়ি পরিবর্তন করতে হয়, শেষে তৃতীয় গাড়িতে চড়ে কোনওরকমে পালিয়ে আসেন তাঁরা। পালানোর সময় গ্রামবাসীদের আক্রমণে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন বলেই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই হামলার দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। পুলিশ হস্তক্ষেপ করে তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
