আড্ডার ঠেকে বাতকর্ম! দাদার ‘মারে’ মৃত নাবালক ভাই

0
89
ছবি সৌজন্যে : নিজস্ব
আড্ডার ঠেকে বাতকর্মকে কেন্দ্র করে বিবাদের জেরে পিসতুতো দাদার মারে মৃত্যু হওয়ার  অভিযোগ উঠেছে নাবালক মামাতো ভাইয়ের।
এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বনগাঁর গোপালনগরে। পুলিশ সূত্রে খবর, মৃত নাবালক বছর ১৫-র নাম প্রদীপ ব্যাদ। সে গোপালনগর থানার কামদেবপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১১ নম্বর রেলগেট এলাকায় পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সে। সেখানে উপস্থিত ছিলেন পিসতুতো দাদা সূর্য ব্যাদ। তাঁর বয়স ১৮। তখনই প্রদীপের বাতকর্ম নিয়ে হাসাহাসি শুরু করেন সূর্য। তা সহ্য না করতে পেরে বিবাদ লাগে দাদা-ভাইয়ের। তা থেকে হাতাহাতি। অভিযোগ, সেই সময় সূর্য চড়াও হয় প্রদীপের উপর। অভিযোগ মামাতো ভাই প্রদীপের বুকে জোরে জোরে ঘুষি মারতে থাকেন সূর্য ব্যাদ। বুকের ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। ছুটে আসে অন্য বন্ধুরা। তড়িঘড়ি প্রদীপকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে।
তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।