
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর । উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং সাংবাদিকদের উপরও হামলা চালানো হয় । ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে রণক্ষত্রে চেহারা নেয় বারুইপুর থানা এলাকার ধপধপি–২ পঞ্চায়েতের সূর্যপুর হাট সংলগ্ন এলাকা।
এই ঘটনায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ১১ বছরের নাবালিকা শনিবার বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। রাতভর আত্মীয়স্বজন ও আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পায়নি। পরিবারের অভিযোগ, এলাকারই চার যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল।রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করার পর তথ্য প্রমাণ লোপাট করতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমানও তাই, নাবালিকাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে।
এদিকে এই ঘটনায় এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেন বিক্ষোভকারীরা। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশের উপরেও ইট বৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ চলছে সকাল থেকেই। পরে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে রেল অবরোধ করা হয়।
