
বিহারে ভোটের আবহে এবার এক পুলিশকর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। সিওয়ানে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই এএসআইয়ের নাম অনুরুদ্ধ কুমার।
তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর দেহ ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। সিরসা নওকা টোলা গ্রামের লোকেরা এএসআইয়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এএসআই অনিরুদ্ধ বুধবার রাতে সাধারণ পোশাকে বেরিয়েছিলেন।
সন্দেহ করা হচ্ছে, তাঁকে একা পেয়ে দুষ্কৃতীরা ঘিরে ফেলেন। তার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এএসআইয়ের খুনের ঘটনায় কয়েকটি দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
