
হাওড়া লিলুয়ার গোশালায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের পরপর গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেস সিং। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল, সেই সময় বাইরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। তাঁর পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রের খবর। গভীর ক্ষত তৈরি হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে পুরনো খুনের মামলায় জড়িয়েছিল এই রাজেশ সিং-এর নাম। অসামাজিক কাজের সঙ্গেও তাঁর নাম যুক্ত আছে। একসময় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। সেই ঘটনার সঙ্গে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশের বাহিনী।
হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।








