
প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে প্যালেস্টাইন। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব।
সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি নাদিন একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত।মিস ইউনিভার্স অর্গানাইজেশন,এমইউও এক বিবৃতিতে এই প্রতিযোগিতায় নাদিন আইয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন গর্বের সঙ্গে গোটা বিশ্ব থেকে প্রতিনিধিদের স্বাগত জানায়। বৈচিত্র্য,সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ণ উদ্যাপন করতেই এই প্রতিযোগিতার আয়োজন।প্যালেস্টাইনের সফল আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব মানসিক দৃঢ়তা ও সংকল্পের এক মূর্ত রূপ, যা এই প্লাটফর্মকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।তাকে মিস ইউনিভার্স- এর মঞ্চে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন। তিনি সেখানে সগর্বে প্যালেস্টাইনের প্রতিনিধিত্ব করবেন,বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পাশে দাঁড়াবেন।অন্যদিকে,ইনস্টাগ্রামের এক পোস্টে নাদিন লিখেছেন,সম্মানিত বোধ করছেন যে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করবে প্যালেস্টাইন। তিনি কেবল একটি খেতাব নিয়ে নয়, বরং একটি সত্য নিয়ে মিস ইউনিভার্স মঞ্চে পা রাখছেন।উল্লেখ্য,মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্যালেস্টাইনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই মহিলা ও শিশু।এরপর নাদিন লিখেছেন, গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছেন, যারা নীরব থাকতে অস্বীকার করে। তিনি প্রতিটি প্যালেস্টাইনি মহিলা ও শিশুর প্রতিনিধিত্ব করছেন, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।
উল্লেখ্য, ৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগিরা অংশ নেবেন।









