
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ উত্তেজনা প্রশমনের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মার্কিন সামরিক কর্তাদের দাবি, ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশ কুয়েত এবং বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর কয়েক ঘণ্টা আগেই চারটি ইরানি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল আমেরিকা।
ড্রোনগুলোর সম্ভাব্য লক্ষ্য ছিল ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজ। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে,ড্রোনগুলো হুমকি সৃষ্টি করার আগেই সেগুলো ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইউনাইটেড স্টেড কমান্ড, সেন্টকম জানায়, সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছ’টি তারা ভূপাতিত করেছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ পর্যন্ত মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের যে দাবি, তা সঠিক নয়। মার্কিন বাহিনী জানিয়েছে, পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছে এবং অঞ্চলটিতে নিজেদের সদস্য ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, তারা এরোস্পেস মিসাইল ব্যবহার করে অঞ্চলে থাকা শত্রু ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। আধা-সরকারি তাসনিম এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে সেগুলোর কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এর আগে আমেরিকা জানায়, তাদের বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।
