
দিল্লির বিধানসভা ভোটের আগে প্রযুক্তির বিড়ম্বনার মোকাবিলা করতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। যুযুধান রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ না করে, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীলভাবে এবং স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার পরামর্শ দিয়েছে কমিশন। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিও প্রচারচিত্র সম্পর্কে কড়াকড়ি বাড়ানোর কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। জানানো হয়েছে, এ জাতীয় ভিডিওর সূচনাতেই কণ্ঠস্বরের মাধ্যমে এবং লিখিতভাবে ঘোষণা করতে হবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি ভোটের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জনমত প্রভাবিত করার জন্য ভুয়ো তথ্যে নির্মিত আপাতসত্যের ছায়াছবি নির্মাণকে অপরাধ বলেও চিহ্নিত করেছিলেন তিনি।
